লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে শনিবার রাতেই লেবাননের অভ্যন্তরে অন্তত ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একইসাথে লেবাননের প্রায় পাঁচভাগের একভাগ ভূখণ্ড এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, শত্রু বিমান অনুপ্রবেশের সতর্কবার্তা দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে সন্দেহজনক দুটি আকাশপথে আসা বস্তুর আঘাত শনাক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত তদন্ত ও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
হিজবুল্লাহর পক্ষ থেকে লেবানন থেকে ছোড়া সন্দেহভাজন তিনটি ড্রোন পৃথক পৃথক ঘটনায় উত্তর ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল-হিজবুল্লাহ এই সংঘাতে এ পর্যন্ত লেবাননে ৩ হাজার ৭০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।