হরমুজ আপনার ব্যক্তিগত ক্যাসিনো না, ট্রাম্পের হুমকির জবাবে ইরান

ডোনাল্ড ট্রাম্পের ইরান দখলে নেওয়ার হুমকির পাল্টা জবাব দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন যে, হরমুজ প্রণালি আবার বন্ধ করা হলে ইরান দখল করে নেবেন তিনি।

এর জবাবে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আপনি হুমকি দেন, আর আমরা পদক্ষেপ নেই। হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো নয়, কিংবা আধুনিক দিনের জলদস্যুদের বাড়ির পেছনের আঙিনা নয়; এটি ইরানের সার্বভৌম জলসীমা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের মহান জনগণ এবং তাদের সাহসী সশস্ত্র বাহিনীর।’

ইরান গত সপ্তাহে হরমুজ প্রণালিতে কার্যত আরোপিত অবরোধ তুলে নেয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার পর, যাতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া যায়। তবে শনিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দেয়, লেবাননে ইসরায়েলের আক্রমণের জবাবে হরমুজ আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।

এর জেরে গতকাল রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাতেই তিনি ইরানিদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে, তবে আমেরিকা তাদের ‘উড়িয়ে দেবে’।

ট্রাম্প ওই সাক্ষাৎকারে হরমুজ প্রসঙ্গে আরও বলেছেন, ‘প্রণালি বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না। তোমরা আর দেশে ফিরে যাওয়ার সুযোগও পাবে না।’

ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরান কোনোভাবেই ছাড়বে না।’  এ কথা শোনার পর ট্রাম্প বলেন, ‘তাঁর মুখ সামলে কথা বলা উচিত। উচিত নিজেকে শুধরে নেওয়া। নইলে আমরা ওদের দেশের বাকি অংশও দখল করে নেব।’

এদিকে যুদ্ধ শেষ করার জন্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলে আশা করা হচ্ছে। তবে শুরুতে ইরানি আলোচকরা ট্রাম্পের ‘অপমানজনক মন্তব্যের’ কারণে বৈঠক থেকে বেরিয়ে যান।