ইরানের অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সরবরাহ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে। এই লাইসেন্সের আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক এক্স পোস্টে জানান, ‘সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত নৌ-চলাচল নিশ্চিত করার এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’
ওই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে বলে জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়। তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।



