নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার ওপর জোর দেন তিনি।
সাম্প্রতিক এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে তিনি বলেছেন, ভবিষ্যতে ইসরায়েলকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার ওপর আরও বেশি নির্ভর করতে হবে। তাঁর মতে, আগামী কয়েক দশকে দেশটির শক্তি নির্ভর করবে সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর। এ লক্ষ্যেই প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো এবং দেশীয় অস্ত্র উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর পক্ষে অবস্থান নিয়ে আসছেন নেতানিয়াহু। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার মধ্যেই তাঁর এ মন্তব্য সামনে এল।