হরমুজ প্রণালিতে আটকে থাকা নাবিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুদ্ধ বন্ধে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থাটি এ উদ্যোগ নিয়েছে। প্রায় ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে তারা।
আইএমওর মহাসচিব জানিয়েছেন, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় উপকূলীয় দেশগুলো এবং সামুদ্রিক শিল্পের সহযোগিতায় এই উদ্ধার অভিযান পরিচালিত হবে। একইসাথে নিরাপদ নৌচলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তাও পাওয়া গেছে বলে জানান তিনি।
ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবিকদের সরিয়ে নিতে আইএমওর কার্যক্রমটি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলেছে। এখন এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। আটকে পড়ে অনেক বাণিজ্যিক জাহাজ।