খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যে কারণে নেই মুজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন তেহরানের মোসাল্লা এলাকায়। শনিবার থেকে শুরু হয়েছে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। কিন্তু এতে অংশ নেননি তাঁর ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ জানিয়েছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার তাঁর বাবার জানাজায় অংশ না নেওয়ার বিষয়টি অনেকটাই বোধগম্য।

এই বিশেষজ্ঞ বলেন, ‘ইরান এই আশঙ্কা করছে যে ইসরায়েল হয়তো এখানে হামলা চালাতে পারে। অতীতেও ইসরায়েল রাজনৈতিক নেতাদের নিশানা করতে জানাজার মিছিল বা শোভাযাত্রাকে ব্যবহার করেছে।’

তবে তিনি এও উল্লেখ করেন যে শেষ পর্যন্ত দেশের নেতাকে জনসমক্ষে আসতেই হবে।

মাসগ্রেভ বলেন, ‘আমার মনে হয় তেহরানের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত একটি উপায় খুঁজে বের করতে হবে—যাতে এটা দেখানো যায় যে মুজতবা আড়ালে থাকা কোনো নেতা নন, বরং তিনি আসলেই দায়িত্ব পালন করছেন। তাদের শেষ পর্যন্ত এটি করতেই হবে।’