চোখের পানিতে খামেনিকে শেষ শ্রদ্ধা, প্রতিশোধের অঙ্গীকার 

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়ছেন তেহরানের বাসিন্দারা। প্রিয় নেতার জন্য প্রার্থনার পাশাপাশি প্রতিশোধের অঙ্গীকার করছেন তারা। অনেকেই বলছেন, তিনি ছিলেন বাবার মতো। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার দেখা গেছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বরে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ইরানের নানা প্রান্তের বাসিন্দারা। 

একজন নারী বলেন, খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছি। কেননা তিনি আমাদের বাবার মতো ছিলেন।

প্রার্থনা এবং কোরান পাঠের মাধ্যমে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানচ্ছেন তেহরানবাসী। অনেকের হাতেই ইরানের পতাকা ও প্রয়াত নেতার ছবি। তাদের মনে জ্বলছে প্রতিশোধের আগুন। জানাচ্ছেন, যেকোনো উপায়ে আলি খামেনির রক্তের বদলা নেওয়ার কথা। 

শ্রদ্ধা জানাতে আসা একজন বলেন,আমরা এখানে আলি খামেনিকে বিদায় জানাতে এসেছি। কিন্তু আমরা অবশ্যই তাঁর রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নেবে।

আরেকজন বলেন, যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার তার আসল রূপ দেখিয়েছে এবং যুদ্ধবিরতির সময় হামলা চালিয়েছে। আবার যদি যুদ্ধ শুরু হয়, আমরা এখানেই থাকব এবং লড়াই চালিয়ে যাব।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।