আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কারণেই যুদ্ধবিরতির সমঝোতা স্মারক ভেস্তে গেছে। এ ছাড়া আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে—এমন দাবিও নাকচ করেন তিনি।
ইসমাইল বাঘাই বলেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের ইরান সফরের অনুমতি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ করা হয়নি।
এক দিন আগেই ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরুর অনুরোধ জানিয়েছে ইরান। এ সময় আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র রাজি থাকলেও যুদ্ধবিরতির সমঝোতা শেষ হয়ে গেছে বলে জানান ট্রাম্প।
এদিকে জাতীয় অবকাঠামোতে নতুন কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন।