যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে তেল সরবরাহ নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
আইইএ জানায়, সংঘাত পুনরায় শুরু হলে জ্বালানি বাজার দ্রুত স্বাভাবিক হওয়ার আশা ভেস্তে যেতে পারে। সংস্থাটির সবশেষ মাসিক প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় দৈনিক প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ কমে গেছে। জ্বালানির এ ঘাটতি ও মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকলে ২০২৭ সালে বৈশ্বিক তেল সরবরাহে দৈনিক ৪৬ দশমিক ২ লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকবে। আর তেমনটা না হলে ২০২৬ সালে দৈনিক ঘাটতি থাকবে ৮ লাখ ৬০ হাজার ব্যারেল।
গত মাসে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পর বাজার স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।



