ইরানের দ্বীপে টানা ৯০ মিনিট হামলার দাবি যুক্তরাষ্ট্রের 

ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।

পাল্টা কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। রয়টার্স জানিয়েছে এ খবর। 

মার্কিন সামরিক বাহিনী বলছে, বুধবার টানা ৯০ মিনিটের অভিযানে ইরানের বৃহত্তর তুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়।

সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এ অভিযান চালানো হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। আইআরজিসির দাবি, গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত দুটি জাহাজকে থামানো হয়েছে।

এর আগে হরমুজ প্রণালি নিয়ে নতুন নৌ-অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য প্রণালিটি উন্মুক্ত থাকবে। এর জবাবে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, অবরোধ বহাল থাকলে পুরো মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়া হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় মার্কিন লজিস্টিক সেন্টার, জর্ডানের আজরাক ঘাঁটি এবং বাহরাইনের মার্কিন স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরের ক্ষতি করার দাবিও করেছে আইআরজিসি।