বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে এনেছে। সম্প্রতি বেলুচ নেতৃত্বের নতুন স্বাধীনতার দাবির পর আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অঞ্চলটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বেলুচিস্তান দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ও জটিল ইস্যু। ১৯৪৭ সালে ভারত ভাগের পর ব্রিটিশ ভারতের অধীন থাকা দেশীয় রাজ্যগুলোর ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়, তার মধ্যে অন্যতম ছিল কালাত রাজ্য।
বেলুচ জাতীয়তাবাদী নেতাদের দাবি, পাকিস্তান প্রতিষ্ঠার পর কালাত কিছু সময় স্বাধীন অবস্থানে ছিল এবং তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়নি। তবে ব্রিটিশ শাসনের অবসানের পর উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলে যায়।
অধিকাংশ দেশীয় রাজ্যের মতো কালাতের পক্ষেও স্বাধীন অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এটি পাকিস্তানের অংশ হয়ে যায়। কিন্তু এই সংযুক্তির প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বেলুচদের একাংশের মধ্যে অসন্তোষ থেকেই যায়।
পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বেলুচিস্তানে রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে। বিভিন্ন সময়ে সেখানে বিদ্রোহ, সামরিক অভিযান এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ঘটনা ঘটেছে। বেলুচ নেতাদের অভিযোগ, অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলার শিকার। পাশাপাশি সম্পদ ও অধিকারের প্রশ্নেও রয়েছে অসন্তোষ।
তবে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইসলামাবাদের দাবি, বেলুচিস্তানে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।
ভূরাজনৈতিক কারণেও বেলুচিস্তানের গুরুত্ব বেড়েছে। বিশেষ করে চীনের সহায়তায় গোয়াদর বন্দর উন্নয়ন প্রকল্পের পর অঞ্চলটি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে আসে। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, এসব প্রকল্পে তাদের স্বার্থ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
এই প্রেক্ষাপটে বেলুচ প্রতিনিধি মীর ইয়ার বেলুচ আবারও স্বাধীনতার দাবি সামনে এনেছেন। তিনি বেলুচিস্তানে সহিংসতা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, বেলুচিস্তান সংকট শুধু নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, পরিচয়, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক বৈষম্যের প্রশ্ন। তাদের মতে, সামরিক পদ্ধতির বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপ, জনগণের অংশগ্রহণ এবং আস্থা পুনর্গঠনের উদ্যোগই হতে পারে এই দীর্ঘস্থায়ী সংকটের সম্ভাব্য সমাধানের পথ।