হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ’ দিয়ে যাওয়ার চেষ্টার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে ‘ব্যাপক অগ্নিকাণ্ড’ ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো জাহাজগুলোর নাবিক ও কর্মীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।
সংস্থাটি জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে আবারও সতর্ক করে বলেছে, যেন তারা তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে, ‘মার্কিন সামরিক বাহিনীর দেওয়া মিথ্যা তথ্য’ বিশ্বাস না করে এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত পথগুলো এড়িয়ে চলে।
আইআরজিসি আরও জানিয়েছে, “এটা স্পষ্ট যে, এই অঞ্চলে আমেরিকার অশুভ কর্মকাণ্ড যতদিন অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।”