ইরানের পার্লামেন্টের একটি কমিটি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের একটি খসড়া বিল পর্যালোচনা করছে। এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।
অয়েল প্রাইজ ডট কমের সবশেষ তথ্যমতে, সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে বেড়ে দাঁড়িয়েছে ৮৩ ডলার ৭৫ সেন্ট। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই’র (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) দাম ব্যারেল প্রতি ৭৮ ডলার ২৮ সেন্টে দাঁড়িয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির সংসদের একটি বিশেষ কমিটি এমন একটি খসড়া বিল নিয়ে আলোচনা করছে, যেখানে নির্দিষ্ট কিছু দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি ব্যবহার সীমিত করার প্রস্তাব রাখা হয়েছে।
তবে বিলটি এখনও আইন হিসেবে পাস হয়নি এবং ইরান সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি।