ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে মার্কিন হামলায় ২০২৫ সালে দেড় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। গত বছরের এপ্রিলে ইয়েমেনে চালানো তিনটি হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এপ্রিলের ওই তিনটি হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দর। এর মধ্যে রাস ইসা বন্দরে চালানো হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ৮০ জন নিহত ও ১৭১ জন আহত হয়।
সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, জ্বালানি ও রাজস্বের একটি উৎস বন্ধ করাই ছিল ওই হামলার লক্ষ্য। পেন্টাগনের বার্ষিক বেসামরিক হতাহতসংক্রান্ত প্রতিবেদনের অংশ হিসেবে এ তথ্য মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনের হিসেব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় গত বছর বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।