মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টিফেন্সের দাবি, ভবিষ্যৎ পরিস্থিতির জন্য নিজেদের সামরিক বিকল্পগুলো প্রস্তুত করছে ওয়াশিংটন। রয়টার্স জানিয়েছে এ খবর।

মাইকেল স্টিফেন্স সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কয়েকজন সদস্যকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য ডাকা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

তবে এই সেনা উপস্থিতি বাড়ানোর সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানান স্টিফেন্স। তার মূল্যায়ন, বর্তমান পরিস্থিতিতে ইরানে সরাসরি সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের জয় পাওয়ার সম্ভাবনা নেই।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের বর্তমান অচলাবস্থা দুই পক্ষের জন্যই কঠিন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এই মুহূর্তে কোনো পক্ষই জিতছে না বরং পরিস্থিতি পুরোপুরি অচল হয়ে আছে।