ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই আবারও তীব্র হয়েছে। তাইজ ও হোদাইদা উপকূলীয় এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, লোহিত সাগর উপকূল ঘেঁষা কৌশলগত এলাকাগুলোতে চলছে পাল্টাপাল্টি হামলা।
ইয়েমেন সরকার জানিয়েছে, তাইজ প্রদেশের দুইবাব এবং হোদাইদা প্রদেশের খোখা এলাকায় হুতিদের জনবল, সামরিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
এদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াইয়ের দাবি করেছে হুতিরা। অন্যদিকে ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘাতে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশ ছেড়েছেন আরও কয়েক হাজার।
জাতিসংঘ বলছে, গত চার দিনে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রায় আড়াই হাজার মানুষ জিবুতিতে পৌঁছেছেন।