ইরানের সবগুলো এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বেসনেট জানান, বৈশ্বিক আকাশসীমা সব ইরানি এয়ারলাইনসের জন্য বন্ধ করে দেওয়া হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রায় দুই সপ্তাহ আগে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ২৭টি ইরানি এয়ারলাইনসকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।
মার্কিন অর্থমন্ত্রী বেসনেট জানান, ইরানের ওপর এই নিষেধাজ্ঞার বিষয়ে চীনের সঙ্গেও কথা হয়েছে।
আগামী দুই দিনের মধ্যে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করছেন। বিবিসি জানায়, তাঁর এ সফরে ইরানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হতে পারে।
সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র সরকার ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনা ঘোষণা করে। এই পরিকল্পনার আওতায় ব্যাংকিং ও বাণিজ্য খাত, প্রযুক্তি, বিমান চলাচল এবং শিপিং খাতকে লক্ষ্যবস্তু করা হয়।