লেবাননে স্বাভাবিক জীবনে ফিরতে চায় দক্ষিণাঞ্চলের তেবনিন এতিমখানার মেয়েরা। ইসরায়েলি হামলায় অভিভাবক হারানো এই মেয়েদের কেউ হতে চায় চিকিৎসক, আবার কেউ উচ্চতর ডিগ্রি নেয়ার স্বপ্ন দেখছেন। তবে, নতুন করে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের শঙ্কায় ভেস্তে যেতে পারে তাদের স্বপ্ন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলের তেবনিন শহরের এই এতিমখানায় ৪ বছর বয়সী সৎ বোন মালাক'কে নিয়ে থাকছেন ইনায়া সুলতান। ইসরায়েলি সেনাদের দখলে থাকা এলাকা থেকে কেবল কয়েকশ মিটার দূরে এতিমখানাটির অবস্থান। ইনায়া ও মালাকের বাবা একজন স্বাস্থ্যকর্মী ছিলেন, যিনি মার্চে ইসরায়েলি হামলায় নিহত হন।
ভবিষ্যতে চিকিৎসাশাস্ত্রে পড়ার স্বপ্ন দেখে ১৩ বছরের ইনায়া। মালাকও বড় হয়ে হতে চায় দমকলকর্মী কিংবা স্বাস্থ্যকর্মী।
তিনি বলেন, ‘যখন খুব কাঁদতে ইচ্ছে করে, তখন কিছুটা কেঁদে মনের ভার হালকা করি। তবে, ছোট বোনের সামনে কাঁদি না। কারণ, সেও কাঁদতে শুরু করবে। বাবা কোথায় জানতে চাইবে।’
ইনায়া ও মালাকের মতো এই এতিমখানায় প্রায় ৪০ জন মেয়ে থাকেন। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এতিমখানাটি এমন সব মেয়েদের আশ্রয়স্থল, যারা ইসরায়েলি হামলায় বাবা-মা বা তাঁদের একজনকে হারিয়েছে কিংবা পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় তাদের ভরণপোষণ করতে অক্ষম।
এতিমখানার পরিচালক আলী সাদ বলেন, লেবাননে ২০১৯ সালের অর্থনৈতিক ধসের কারণে সরকারি অনুদান কমে গেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তার মেয়াদও এ বছর শেষ হয়ে যাবে। পাশাপাশি নতুন করে সংঘাত শুরুর শঙ্কাও বড় হয়ে দেখা দিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
জুনে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সংঘাত কিছুটা কমলেও, ইসরায়েলি সেনারা এখনো দক্ষিণ লেবাননের বড় এলাকা দখল করে রেখেছে, যেখানে বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।