ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে উঠে এসেছে, এসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবসানের পথে একটি ইতিবাচক গতি তৈরি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে, ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি।
বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, চুক্তিতে পৌঁছানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এদিকে, ওয়াশিংটনকে তেহরানের ৭টি শর্ত মেনে নেওয়ার বা আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। একইসঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তুলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতির কোনো পরিবর্তন হলে, আমেরিকা তার কাছে থাকা সর্বাধুনিক ও সেরা সামরিক সরঞ্জাম নিয়ে পুরোপুরি প্রস্তুত রয়েছে। যদিও আমাদের মনে হয় না যে সেগুলো ব্যবহারের কোনো প্রয়োজন পড়বে। তবে, সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের বিপদ ও হুমকি থেকে সুরক্ষিত।’


