এক কঠিন বাস্তবতার মুখে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে সরকার গঠনের পথে বিরোধী জোট। নতুন পার্লামেন্টে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুলছে বিরোধী দলগুলোর সিদ্ধান্তের ওপর।
ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ। ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে, সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিরোধী জোট।
এরই মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ১২০ আসনের পার্লামেন্ট বা নেসেটে প্রয়োজনীয় সমর্থন পেতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি।
এদিকে, বিরোধী জোটকে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তবে তার নেতৃত্বে সরকার গঠনে বিরোধীদের অনীহা রয়েছে।
সাবেক ইসরায়েলি সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভি বলেছেন, সরকার গঠনের দর-কষাকষিতে এখন নানা রাজনৈতিক কৌশল চলছে। একে অপরের ওপর চাপ তৈরি, পাল্টাপাল্টি অবস্থান ও রাজনৈতিক প্রচারের মধ্যেই এগোচ্ছে আলোচনা। বিরোধী নেতাদের মধ্যে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের তেমন কোনো আগ্রহ নেই। তবে বড় কোনো নিরাপত্তা সংকট তৈরি হলে কেবল পরিস্থিতি বদলাতে পারে।
শুধু ক্ষমতা হারানোই নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ নয়। দুর্নীতির অভিযোগে চলমান বিচার ও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়েও পার্লামেন্টে প্রশ্নের মুখে পড়তে পারেন তিনি। বিশেষ করে ওই হামলার বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জোরালো হচ্ছে।
ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নিমরোদ ফ্লাশেনবার্গ বলেন, নতুন পার্লামেন্টে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপস্থিতি রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। নেতানিয়াহু পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করলেও এবার তাকে আগের মতো আত্মবিশ্বাসী মনে হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, বিরোধী জোট সরকার গঠন করলে নেতানিয়াহুর রাজনৈতিক প্রভাব কমে যেতে পারে। এমনকি নতুন রাজনৈতিক বাস্তবতায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোও ভিন্ন মাত্রা পেতে পারে।
ইসরায়েলের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহু ক্ষমতা কী ধরে রাখতে পারবেন, নাকি বিরোধীদের হাত ধরে আসবে নতুন সরকার?