কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের সেনাবাহিনী আলি আল-সালেম বিমান ঘাঁটির মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, কুয়েতের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের ড্রোন হামলা প্রতিহত করেছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এদিকে, ইরানের বিরুদ্ধে অপরাধমূলক হামলার অভিযোগ তুলেছে বাহরাইন। সেইসাথে নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছে দেশটি।
মঙ্গলবার আইআরজিসি জানায়, তারা বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। জবাবে হরমুজ প্রণালির কেশম দ্বীপে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনা বেড়েছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে সিএনএন প্রতিবেদন করলেও এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি দেখছেন না তিনি।