তিন ইসরায়েলি ও ৪ সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, এসব কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে নষ্ট করছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য এবং তাদের সহায়তা দেওয়া থেকে বিরত থাকতে হবে অস্ট্রেলীয় নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে। 

এর আগে, মঙ্গলবার একই ইস্যুতে ৮টি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। 

এর নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। 

এদিকে, জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরের বিতর্কিত ই-ওয়ান প্রকল্প একটি সংলগ্ন ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করেছে।