যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি খোলা সম্ভব: আব্বাস আরাগচি

হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দাবি পূরণ হলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে নেওয়ার প্রস্তাব নাকচ করেছেন তিনি।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা যায়, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাগচি বলেন, ‘হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া কঠিন কিছু নয়। যুক্তরাষ্ট্রকে শুধু আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে।’

এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সামরিক শক্তির জানান দিচ্ছে ইরান। দেশটির প্রকাশ করা নতুন এক মিসাইল সিটির ভিডিওতে দেখা গেছে কয়েকশ ক্ষেপণাস্ত্র ও লঞ্চার, যার মধ্যে ডাবল লঞ্চার এবং অন্যান্য প্রযুক্তিও রয়েছে। প্রথমবারের মতো এই ভিডিওতে দেখা গেছে আইআরজিসির কমান্ডার এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে।

এর মধ্যে বাহরাইনে ফের হামলাও চালানোর দাবি করেছে আইআরজিসি। স্থানীয় সময় রোববার রাতে দেশটির দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ জানিয়েছে।

পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন এফ-সিক্সটিন যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হলে একটি বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট। তবে তেহরানের এ দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে ইরানের হামলার আশঙ্কায় নিজ বাসভবন ছেড়ে মার্কিন ঘাঁটিতে থাকছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বেসেন্টের বাসভবনের একটি ছবি প্রকাশ করার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তিনি। ইরান তার বাড়ি শনাক্ত করেছে এমন গোয়েন্দা তথ্যের পরই তাকে সরিয়ে নেয়া হয়।