ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ

ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে  ইরানে বড় আকারের সামরিক হামলা শুরুর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে জানুয়ারি থেকে মার্কিন কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ অবসানের তৎপরতা শুরুর ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সম্ভাব্য স্পিকার হাকিম জেফরি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেন, ইরানে নতুন কোরে হামলা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

তা সত্ত্বেও, ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি এবং এমন পদক্ষেপ নিতে অনিচ্ছুক তিনি।

তবে, রোববার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে, সমঝোতা না হলে নতুন বছরে  ইরানে বড় আকারের সামরিক হামলা শুরুর হুমকি দিয়েছেন ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর নতুন কোরে হামলার পাশাপাশি শান্তি আলোচনাকে বিলম্বিত করার অভিযোগ এনেছেন তিনি।

এদিকে, আইআরজিসি'র উপ-অধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি অভিযোগ করেন, ইরানে অর্থনৈতিক চাপ বাড়িয়ে এবং জনগণের আস্থা দুর্বল করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা।

জ্বালানি খাত সংস্কার ইরানের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ গালিবাফ।

ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেন, ‘যুদ্ধের আগেও জ্বালানি খাতের সংস্কার আমাদের কাছে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল। গ্যাস সংক্রান্ত বিষয়টির দিকে আমাদের অধিক নজর দিতে হবে। এই খাতের সংস্কার জনগণ ও সরকার- উভয়ের জন্যই সমস্যার সমাধান বয়ে আনতে পারে। পাশাপাশি এটি অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।’

হরমুজ প্রণালিতে আরও দুটি তেলের ট্যাঙ্কারে মাইনের আঘাতে অগ্নিকাণ্ড ঘটেছে। ইরানি নৌবাহিনী জানিয়েছে, ট্যাঙ্কারগুলো প্রণালির পূর্বাঞ্চলে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। 

এছাড়া, হরমুজে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-ওয়ান গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে আইআরজিসি। এ নিয়ে ২৪ ঘণ্টায় ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানায় তারা।