ভারতের বিরুদ্ধে অপারেশন ‘বানিয়ান উন মারসুস’ পরিচালনার সময় পাকিস্তানের ১১ সেনা নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বার্তায় বলা হয়েছে, ভারতের ‘উস্কানিমূলক ও নিন্দনীয় কাপুরুষোচিত হামলার’ বিরুদ্ধে আত্মরক্ষা করতে গিয়ে পাকিস্তানের ১১ সেনা শহীদ ও ৭৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ভারতের হামলায় ৭ নারী ও ১৫ শিশুসহ ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২১ জন।
আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে রয়েছেন নায়েক আব্দুল রেহমান, ল্যান্স নায়েক দিলওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মুহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার।
এ ছাড়া বিমান বাহিনীর সদস্যদের মধ্যে নিহত হয়েছেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির।
আইএসপিআর তাদের বিবৃতিতে বলেছে, ‘এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁদের সাহস, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে।’
পাকিস্তানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে দ্রুত, সর্বাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মাধ্যমে।