ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ জানিয়েছেন, সকাল ৮টা ৫০ মিনিটে বেসমন্টে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হোটেলের ঘরগুলোতে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, যে সময় হোটেলে আগুন লাগে, সেই সময় ৪০ জন ছিলেন ভরতরে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, বেশির ভাগ লোকই আটকে পড়েন।
আটকে পড়া ব্যক্তিদের কয়েকজন প্রাণ বাঁচাতে হোটেলের বিভিন্ন তলা থেকে নীচে ঝাঁপ মারেন। কিন্তু ঘরে মধ্যে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২০ জনের।
খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দমকলের দুটি ইউনিট পৌঁছায়। পরে দমকলের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো এবং উদ্ধারকাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। অনেকে আতঙ্কে হোটেলের বিভিন্ন তলা থেকে লাফ মেরেছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে অনেকেই আহত।
জানা গেছে, হোটেলটি হওজ রানি লেনের ভেতরে। গলিটি ঘিঞ্জি এবং সরু। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হোটেলে ২৫টি ঘর রয়েছে। সেখানে ৪০ জন ছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বিদেশি। চিকিৎসার জন্য ভারতে এসেছেন।
যে সময় আগুন লাগে, সেই সময় সকলেই ঘুমাচ্ছিলেন বলে স্থানীয়দের দাবি। ফলে আগুন লাগার পরে বেরিয়ে আসতে পারেননি।
হোটেলের রাঁধুনি কেসর সিংহ জানিয়েছেন, সকাল ৮টায় তিনি রান্নাঘরে ঢোকেন। বৈদ্যুতিক স্টোভ জ্বালাতে তিনি সুইচ অন করেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে দাবি তাঁর।



