সব দিক থেকে আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তানের

আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তানে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শাহবাজ শরিফ বলেন, ‘আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে বলেন, ‘মিথ্যা অভিযোগের ভিত্তিতে দিল্লি বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালায়। এর জবাবে ভারতকে “ঐতিহাসিক শিক্ষা” দেওয়ার জন্য সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফকে সাধুবাদ জানাই।’ 

শাহবাজ শরিফ পাকিস্তানি সেনাদের সাহসিকতার কথাও উল্লেখ করেন তাঁর বক্তব্যে। তিনি বলেন, ‘যারা নিজেদের জীবনের ঝুঁকি নিতে পারে, সে জাতিকে কখনোই পরাজিত করা যায় না।’

এ সময় তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজানসহ মিত্র দেশগুলোর প্রতি সংঘাতকালে কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।