পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ২ ডিসেম্বর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ইমরান খান অভিযোগ করেন, আসিম মুনিরের নৈতিক দেউলিয়াপনা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তাঁর বিভিন্ন নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ইমরান আরও লেখেন, মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে বানোয়াট মামলায় কারারুদ্ধ করা হয়েছে। প্রচণ্ড মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রতিষ্ঠাতা।
সেনাপ্রধানের সমালোচনা করে তিনি বলেন, ‘পাকিস্তানকে নিয়ে আসিম মুনিরের কোনো চিন্তা নেই। কেবল পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।’
ইমরান খান আরও বলেন, ‘মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে।’
মানসিক নির্যাতনের বিষয়ে ইমরান বলেন, ‘আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগত থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।’
এর আগের দিন বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন। ওই সময় উজমাকে ইমরান জানান, কারাগারে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি।