নতুন তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালত এই রায় ঘোষণা করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি উভয়কে ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। নতুন এই মামলাটি ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ‘বুলগারি’র একটি জুয়েলারি সেট কেনার অনিয়মের সঙ্গে সম্পর্কিত।
আদালতের নথিতে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসে ইমরান খান সরকারি সফরে সৌদি আরবে গেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁকে বুলগারির ওই জুয়েলারি সেটটি উপহার দেন। পরবর্তীতে তোশাখানার নিয়ম ভেঙে নামমাত্র মূল্য দিয়ে সেটি নিজের কাছে রেখে দেন ইমরান।
এদিকে, এই রায়কে পক্ষপাতদুষ্ট দাবি করে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করছেন ইমরান-বুশরা বিবির আইনজীবীরা।
২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা। তাঁর বিরুদ্ধে বর্তমানে দুর্নীতির বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।