যুদ্ধবিরতির মাসখানেক পর হামলা

পাকিস্তান আর আফগানিস্তান আবার সংঘাতে জড়াচ্ছে?

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগান তালেবান প্রশাসনের অভিযোগ, সোমবার কুনার প্রদেশে পাকিস্তানের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এছাড়া আবাসিক এলাকায় হামলার অভিযোগ করছে আফগানিস্তান।

পাল্টাপাল্টি হামলার অভিযোগে নতুন করে সংঘাত উস্কে যাওয়ার আশঙ্কা বাড়ছে। কয়েক সপ্তাহের রক্তাক্ত সংঘাতের পর গত মার্চে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইরান যুদ্ধে কিছুটা বিরতি পড়তেই আবার আফগানিস্তান-পাকিস্তানের সংঘাতের খবর সামনে আসছে।

একাধিক সূত্রের বরাতে সোমবার বিবিসি জানায়, কুনার প্রদেশে একটি বিশ্ববিদ্যালয়ে হামলায় অন্তত ৭ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে। এর জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করেছে দেশটি। বিশ্ববিদ্যালয় বা আবাসিক এলাকায় হামলার খবর ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়।

অন্যদিকে পাকিস্তানের কর্মকর্তাদের অভিযোগ, দক্ষিণ ওয়াজিরিস্তানে গোলাগুলিতে অন্তত ৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছে।