পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে বোমা হামলা ও গুলিতে ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী জেলায় এ হামলা হয়। বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুসারে, ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
বার্তাসংস্থা এএফপিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে বোমা হামলা চালায়। হামলার পর পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় সন্ত্রাসীরা।
হামলার সময় সন্ত্রাসীরা ড্রোন ব্যবহার করেছে বলেও জানিয়েছ পুলিশের এক কর্মকর্তা। এদিকে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ।