পাকিস্তানের বেলুচিস্তান-খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।
দেশটির মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার জানিয়েছে, কোয়েটা থেকে পেশাওয়ারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাসটি প্রথমে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে, পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের অতিরিক্ত যাত্রী দুর্ঘটনাকবলিত বাসে উঠে পড়ে। এতে বাসটির যাত্রীসংখ্যা ৪৮ জনে দাঁড়ায়।
উদ্ধার অভিযানে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসক এবং ১০টি হালকা পরিবহনযান মোতায়েন করা হয়েছে।
আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হতে শুরু হয়েছে তদন্ত।
এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।