৫ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

পাকিস্তানের করাচির উপকূলের কাছে ৫ আরোহী নিয়ে একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে দ্রুত নিচে নামতে শুরু করে। এরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

একইসাথে অবতরণের কয়েক মিনিট আগে বিমানটি নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানায় বলেও জানানো হয়েছে।

বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। বিমানটির সন্ধানে পাকিস্তানের নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে পাকিস্তানে বড় ধরনের সর্বশেষ বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে ৯৯ আরোহীর মধ্যে ৯৭ জনই নিহত হন।