ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, যেকোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবার অধিকার একটি মৌলিক অধিকার। একই সঙ্গে তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও তাঁর সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে তেহরিক-ই-ইনসাফের মহাসচিব সালমান আকরাম রাজা এবং ইমরান খানের বোন উজমা খান আদালতে একটি আবেদন করেছিলেন। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট আদেশে আরও বলেছে, ইমরান খানের চিকিৎসায় যেসব ব্যয় হবে, তা পরিবার বহন করবে। তাঁকে হাসপাতালে স্থানান্তর করার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটানো যাবে না।

আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সুপ্রিম কোর্টে যে চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে যে ইমরান খানের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের গুরুতর উপসর্গ দেখা গেছে। এতে উদ্বেগের মাত্রা ‘লেভেল থ্রি প্লাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর বলে বিবেচিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সর্বশেষ ১০ আগস্ট একটি মেডিকেল বোর্ড পরীক্ষা করে। এতে চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অন্তর্ভুক্ত ছিলেন।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান মাথায় ভারী অনুভূতি ও দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন। তবে তাঁর শ্বাসকষ্টের কোনো অভিযোগ ছিল না।