মক্কা প্যাক্টে অন্য কোনো দেশ অন্তর্ভুক্ত হচ্ছে না: পাকিস্তান

এই মুহূর্তে মক্কা প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার জানিয়েছেন, এ বিষয়ে কোনো আলোচনাও চলছে না।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

সাজ্জাদ হায়দার বলেন, ‘পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক, যারা বর্তমানে এই জোটের অংশ, তারা বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। তবে এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন দেশ অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই।’

মুখপাত্র আরও বলেন, ‘সবার আগে এই তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তাদের বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে এমন অন্যান্য দেশের জন্য এই জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।’

তাঁর মতে, এ বিষয়ে সিদ্ধান্ত পরে সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে নেবে।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে এই বিষয়ে কোনো আলোচনা চলছে না। তাই এই পর্যায়ে নতুন দেশ অন্তর্ভুক্তির প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।