একটি স্থিরচিত্রে দাঁড়িয়ে আছেন শাহরিয়ার নাজিম জয়। তাঁর পাশে তিন নারী। জয়ের ভ্রুতে ভাঁজ থাকলেও অন্যদের মুখে হাসি। এর পরপরই আরেকটি ছবি পাওয়া গেল। গ্ল্যামারাস লুকে রুনা খান। পরনে কালো সুইমস্যুট। পাশেই শাহরিয়ার নাজিম জয়। তাঁর ডান হাতে প্লাস্টার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন লুকেই রহস্য ছড়িয়েছেন জয়।
খোঁজ নিয়ে জানা যায়, এটি অভিনেতা-উপস্থাপকের নতুন প্রজেক্ট, সিনেমা। চলছে তাঁদের নতুন ছবির শুটিং। সে জন্যই এই কস্টিউম। ‘প্রতিশোধ’ নামের এই ওয়েব ফিল্মের নির্মাতাও শাহরিয়ার নাজিম জয় নিজেই। গল্প-চিত্রনাট্যও তারই। কেন্দ্রীয় চরিত্রে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী রুনা খান।
সিলেট, বান্দরবান, রাঙামাটিসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চলছে শুটিং। দুই সপ্তাহ আগে শুরু হয়েছে ফিল্মটির দৃশ্যধারণের কাজ। আকর্ষণীয় ব্যাপার হলো, ‘প্রতিশোধ’ ফিল্মে ডাবল চরিত্রে হাজির হতে যাচ্ছেন রুনা খান ও শাহরিয়ার নাজিম জয়। দুজনকেই দেখা যাবে দ্বৈত ভূমিকায়।
জয় বললেন, ‘সিনেমাটি নির্মিত হচ্ছে প্রতিশোধের গল্পে। আমি ও রুনা দুজনেই এখানে ডাবল অ্যাক্টিংয়ে রয়েছি। গল্প নিয়ে এর বেশি কিছু বলতে চাই না। ওটিটি জগতে এটি একটি স্মরণীয় কাজ হবে বলে আশা করছি আমরা।’
জানা গেছে, আসছে অক্টোবরের শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হবে এই সিনেমার। প্রস্তুতি চলছে সেভাবেই। দৃশ্যধারণের পাশাপাশি চলছে সম্পাদনার কাজও।
জয়-রুনা ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা, মৌসুমী মৌ প্রমুখ।


নুহাশের ‘পেটকাটা ষ’ এবার অস্কার কোয়ালিফাইড উৎসবে
আমিরের চিত্রনাট্যকারের ছবিতে ফারিণ
সব সম্পর্ক বিয়ে পর্যন্ত নেয় না: প্রভা
