টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। আজ বৃহস্পতিবার উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর ১১ মাস।
তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আজ বিকেল আনুমানিক ৪টার দিকে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে। হাসপাতালের উদেশে আমাদের দুই অভিনয় শিল্পী যাচ্ছে। এরপরই আমরা বিস্তারিত জানাতে পারব।’
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুরে জন্মগ্রহণ করেন হুমাইরা হিমু। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে ২০০৫ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন হুমায়রা হিমু। এর পরের বছর তাঁর প্রথম নাটক ‘ছায়াবীথি’ প্রচারিত হয়। একই বছর ‘পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর)’ নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
ছোট পর্দার পাশাপাশি হিমু অভিনয় করেন সিনেমাতেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় ‘অরু’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি।



