নির্বাচনি ইশতেহারেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করারই আভাসই মিলছে। বলা হচ্ছে, ভারতের নির্বাচনের কথা। একসঙ্গে বিধানসভা ও লোকসভা নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের মেয়াদেই সেটি বাস্তবায়ণ করতে পারেন তিনি।
বেশ কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্যই দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। এভাবে একসঙ্গে নির্বাচন আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন (ওএনওই)’ বা ‘এক দেশ, এক নির্বাচন’।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এ নিয়ে টানা তিনবার ক্ষমতায় বিজেপি। প্রথম দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও গতবার তা অর্জন করতে পারেনি মোদির দল। এ কারণে এনডিএ জোটের ওপর ভর করে সরকার গঠন করতে হয়েছে। এই সময়েই তারা বাস্তবায়ন করতে যাচ্ছে ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন (ওএনওই)’।
গত ৯ জুন ক্ষমতায় বসেন নরেন্দ্র মোদি। এরপর পেরিয়ে গেছে ১০০ দিনের কাছাকাছি। এমন সময় এ সংবাদ দিল পিটিআই। নির্বাচনি প্রচারের সময়ই মোদি ঘোষণা দেন, এবার বড় কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করবেন।
এ নিয়ে এবার পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘নিশ্চিতভাবে এটি (একযোগে নির্বাচন) এই মেয়াদেই বাস্তবায়িত হবে। সরকার আত্মবিশ্বাসী যে, সংস্কার পদক্ষেপটি দলীয়ভাবে সমর্থন পাবে এবং ক্ষমতাসীন জোটের মধ্যে সংহতি পুরো মেয়াদ জুড়ে অব্যাহত থাকবে।’
গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সবাইকে নতুন এক আহ্বান জানান মোদি। তিনি বলেন, সব রাজনৈতক দল যেন এক নির্বাচনের গুরুত্বটা বুঝে। একবারের বেশি নির্বাচন আসলে ভারতের উন্নতির পথে বাধা।
এর আগে গত মার্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেন আগের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে তিনি এই প্রস্তাবে সমর্থন জানান।



