ভূমিকম্পে সারা দেশে নিহত বেড়ে ১০, আহত কয়েক শ

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

রাজধানীসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে আহত হয়েছেন কয়েক শ মানুষ। ভূমিকম্পে হেলে পড়েছে বেশ কিছু ভবন এবং বিভিন্ন স্থাপনায় দেখা দিয়েছে ফাটল। আহতদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও ভূমিকম্পের তীব্রতায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

ভূমিকম্পের সময় রাজধানীর বংশাল এলাকায় একটি বহুতল ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে বাবা-ছেলেসহ তিন পথচারী নিহত হন এবং আহত হন ছয়জন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঢাকা দক্ষিণ ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক জানান, ঘটনাস্থলে আগে থেকে একটি অনুষ্ঠানের প্যান্ডেল থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়েনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক মানুষ। এর মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই আতঙ্কে আহত হয়েছেন। দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখেছি—অধিকাংশই প্যানিক হয়ে লাফ দিতে গিয়ে বা দ্রুত সরে যাওয়ার সময় আহত হয়েছেন। ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হলেও তুলনামূলক আহত বেশি হয়েছে। সবাইকে সঠিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে চিকিৎসায় কোনো ত্রুটি না থাকে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও প্রতিবেশী আহত হন। নরসিংদীর গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে ওমর নামে ১০ বছর বয়সী শিশু, তার বাবা এবং ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। ওমর ও তার বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নরসিংদীতে ভূমিকম্পে মাটিতে ফাটল দেখা দেয়। ছবি: ইনডিপেনডেন্ট

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যমতে, ২১ নভেম্বর দেশের তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূকম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। মাঝারি মাত্রা হলেও এমন কম্পন বড় মাত্রার বিস্ফোরণের সমতুল্য।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবীর বলেন, ‘বাংলাদেশে এখনো ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি নেই। তবে কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, ঢাকা, সিলেটসহ ১৩টি জেলায় পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর তথ্য বলছে—উত্তর–পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিতে আছে। প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পারলে কম্পন শুরুর কয়েক সেকেন্ড আগেই সতর্ক হওয়া সম্ভব।’

রাজধানীসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্পে হতাহতের ঝুঁকি বাড়ছে। তাই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ জরুরি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল তৈরির ওপরও জোর দেন।

ভূমিকম্পের কারণে দেশের পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সারা দেশে লোডশেডিং দেখা দেয় বলে জানিয়েছে পিডিবি। বাঁশখালির একটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল, ভূমিকম্পে আরও একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এছাড়া বিবিয়ানায় ইউনাইটেড, সামিট এবং পিডিবির পৃথক ইউনিট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ, সিরাজগঞ্জ এবং নরসিংদী ঘোড়াশালেও উৎপাদন ব্যাহত হয়।

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজধানীতে শুক্রবার সকালকার ঝাঁকুনি সাম্প্রতিক দশকের সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দো-বার্মা টেকটনিক প্লেটের অংশ, যেখানে বহু বছর ধরে শক্তি জমে আছে। তাই ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, ‘এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্কবার্তা। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। বড় ভূমিকম্প সাধারণত ১৫০ বছর পরপর ফিরে আসে। ফলে সামনে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা আছে। ঢাকা শহরে ২১ লাখ ভবনের মধ্যে ৬ লাখ ছয়তলার ওপরে—এগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে।’

ঐতিহাসিক তথ্য বলছে—১৯১৮ সালে সিলেটের বালিসিরায় ৭ দশমিক ৬ এবং ১৯৩০ সালে ধুবড়িতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। ১৭৬২ সালের ‘গ্রেট আরাকান আর্থকোয়েক’-এ বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১৮৯৭ সালে আসামের ভূমিকম্প ছিল ৮ দশমিক ৭ মাত্রার।

গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর