ইমরান খানকে নিয়ে আবার বিক্ষোভ পাকিস্তানে

সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রী ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। আর এ নিয়ে দেশটিতে বিক্ষোভ চলছে। পার্লামেন্টে অবস্থান কর্মসূচিও পালন করছে বিরোধী দল।

এমন চাপের মুখে ও আরও শারীরিক অবনতির আশঙ্কায় ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ডও। পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তারিক ফজল লিখেছেন, ‘তাঁর (ইমরান খান) স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই অবনতির দিকে গেলে তাঁর চিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশটির পার্লামেন্টে দুদিন ধরেই অবস্থান কর্মসূচি চলছিল। বিরোধী দলের ক্রমাগত চাপের মুখে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার।

প্রতিবেদন অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান খান কয়েকমাস ধরেই কারাগারে বন্দী অবস্থায় আছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবী দল দাবি করেন, চোখের সংক্রমণের কারণে দৃষ্টিশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইমরান খানের। রিপোর্ট বলছে, ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় কারাগারে ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

ইমরান খানের আইনজীবী দল আরও দাবি করেন, সরকারের অবহেলার কারণেই তাঁর স্বাস্থ্যের এমন অবনতি হয়েছে। তবে সরকারি মুখপাত্ররা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এক পোস্টে লিখেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কার খবর শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে এবং তাঁর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করবে। তাঁর শক্তি, দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।’

একই ধরনের দাবি জানিয়েছেন ওয়াকার ইউনিসও, ‘রাজনীতি একপাশে রেখে বলছি— আমাদের জাতীয় বীর, যিনি আমাদের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তুলেছেন, যা অসংখ্য মানুষকে সহায়তা করেছে— তিনি এখন শারীরিকভাবে জরুরি অবস্থায় আছেন। তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, যেন তাঁকে সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অধিনায়ক।’

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার লিখেছেন, ‘তাঁর দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আশা করি তিনি সর্বোত্তম চিকিৎসা পাবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ শহিদ আফ্রিদি লিখেছেন, ‘চিকিৎসা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার এবং সেটা নিশ্চিত করা উচিত।’

‘মানবিকতা জয়ী হবে’ এমন আশা ব্যক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা লিখেছেন, ‘ইমরান খানকে কষ্ট পেতে ও এক চোখের দৃষ্টি হারাতে দেখা ভীষণ হৃদয়বিদারক।’

এটি শুধু পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নেই, ভারতের সাবেক ব্যাটসম্যান অজয় জাদেজাও ইমরান খানের চিকিৎসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হন ইমরান খান। তাঁকে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান ও তাঁর সমর্থকেরা। মাঝে ইমরান খানের মৃত্যুর গুজবও ছড়িয়েছিল।

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর গত কয়েক বছরে ব্রিটেন নিজের মতো করে চলার...
কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণার পর এখন ব্রিটিশ রাজনীতিতে মূল আলোচনা কে হচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার ঘোষণা করেছেন, তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন...
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবিকে কেন্দ্র করে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। নিজ দল লেবার পার্টির কয়েকজন সদস্যই এবার তাঁর পদত্যাগ দাবি করেছেন। 
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর