সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এতে স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবে।
তিনি খাগড়াছড়ি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি, মাইসছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অন্যান্য যেকোনো সময়ের থেকে জানের ক্ষতি অনেক কম হয়েছে। বিশেষ করে ৫–৬ জুলাই যে বর্ষণটা হবে, এটা আমাদের পরিবেশ অধিদপ্তর আগে থেকে জানানোর কারণে আমরা ২ তারিখ থেকেই সচেতনতামূলক প্রচারণা চালাতে পেরেছি। মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আনতে পেরেছি।



