ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা কেন ব্যর্থ হলো, এখন কী হবে?

ছয় সপ্তাহ ধরে চলা ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে ইসলামাবাদে আলোচনায় বসেছিল দুই পক্ষ। কিন্তু তাতে কোনো ফল আসেনি। যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে সম্মত হতে না পেরে নিজ নিজ দেশে ফিরে গেছেন দুই দেশের প্রতিনিধিরা।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষই এ আলোচনায় অংশ নিয়েছিল যুদ্ধে তারা জয়ী হয়েছে—এমন দাবি নিয়ে। তাই এত অল্প সময়ে কোনো একটি চুক্তিতে পৌঁছানো স্বাভাবিক বিচারেই কঠিন ছিল। আর এখন মনে হচ্ছে এটি আসলে অসম্ভবই ছিল। দেখা যাচ্ছে, ব্যর্থতার জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করে ফিরে যাচ্ছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আলোচনা কেন ব্যর্থ হলো

ভারতীয় সংবাদমাধ্যম যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ৫টি কারণ চিহ্নিত করেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার আগে থেকেই দুই পক্ষের মধ্যে পারস্পরিক বিভেদ ও অবিশ্বাস ছিল প্রকট, যা এই সংলাপের ভিতকে নড়বড়ে করে দিয়েছে।

১. অবস্থানে ছাড় না দেওয়া
ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার প্রধান কারণ হিসেবে নিজের অবস্থানে ছাড় না দেওয়ার মানসিকতাকে দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। তবে ইরান তা প্রত্যাখ্যান করে। দেশটি জানায়, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে।

২. প্রতিকূল পরিবেশ ও ট্রাম্পের হুমকি
শান্তি আলোচনার জন্য ন্যূনতম আস্থা বা শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। কিন্তু ইসলামাবাদে যখন দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন, তখনও মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলছিল। আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে’। ইরানি কর্মকর্তারা যখন পাকিস্তানে আসছেন, তখনও ট্রাম্প হুঁশিয়ারি দেন, চুক্তি না হলে হামলা আরও তীব্র হবে। ইরানের কাছে এটি কূটনীতি নয়, বরং চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে মনে হয়েছে।

৩. লেবাননে ইসরায়েলের হামলা
পাকিস্তানে যে মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসেছে, ঠিক সেই মুহূর্তেও লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা চলছিল। ইরান শর্ত দিয়েছিল, আলোচনার জন্য লেবাননে হামলা বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য প্রযোজ্য নয়। এই বিষয়টি আলোচনা সফল না হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

৪. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যু
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটির নিয়ন্ত্রণ আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়ায়। ইরান এই প্রণালীর কিছু অংশে মাইন পেতে রেখেছে। ট্রাম্পের দাবি ছিল অবিলম্বে এটি খুলে দিতে হবে। অন্যদিকে ইরান একে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি এবং নিরাপত্তা গ্যারান্টি দাবি করে। ট্রাম্পের অশ্রাব্য হুমকির পরও ইরান নিজেদের অবস্থানে অনড় ছিল। ওমান ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রানজিট ফি আদায়ের অধিকারও চেয়েছিল তেহরান। শেষ পর্যন্ত এ নিয়ে কোনো ঐকমত্য হয়নি।

৫. আস্থার বিশাল ঘাটতি
শেষ পর্যন্ত দীর্ঘদিনের বৈরিতা এবং আস্থার অভাবই আলোচনার ইতি টানে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আলোচনার আগেই বলেছিলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু কোনো আস্থা নেই।’ ইতিপূর্বে জেনেভা আলোচনার পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার স্মৃতি ইরানের কাছে টাটকা ছিল। ফলে তেহরানের কাছে শান্তি আলোচনা অনেক সময় সামরিক অভিযানের ছদ্মবেশ বলে মনে হয়েছে।

তাহলে এখন কী হবে?

বিবিসি সংবাদদাতা জো ইনউড বলছেন, ইরানের ওপর নতুন করে হামলা শুরু হবে কি না, তা নিয়ে কোনো ঘোষণা আসেনি। তবে হামলার সম্ভাবনা যে নিশ্চিতভাবেই বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আপাতত আলোচনার টেবিলের বাইরেই রয়ে গেছে। কিন্তু পারস্য উপসাগরে কয়েক দিন আগে মোতায়েন করা দুটি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র হয়তো অন্য কোনো পথের কথা ভাবছে।

ইরান সবসময়ই দাবি করে এসেছে যে তারা মারণাস্ত্র উৎপাদন করতে চায় না। কিন্তু এক বছরের ব্যবধানে দুটি যুদ্ধের অভিজ্ঞতার পর নিজ দেশে পারমাণবিক অস্ত্রের সমর্থকদের এখন পারমাণবিক শক্তি অর্জনে আরও উৎসাহিত করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সরাসরি আলোচনা ছিল ঐতিহাসিক, কিন্তু এটি হয়তো কূটনীতির একটি ব্যর্থতা হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তথ্যসূত্র: বিবিসি, ইন্ডিয়া টুডে