বন্যার পানিতে ডুবে তিন জেলায় চারজনের মৃত্যু

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। 

কক্সবাজারের চকরিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার ভোরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে নৌকা ডুবে হাসনাতুল জান্নাত নামে ১২ বছরের এক শিশু মারা যায়। 

উপজেলা প্রশাসন জানায়, বরইতলী ইউনিয়নে প্রবল স্রোতের কারণে ৬ থেকে ৮ জন নিয়ে একটি নৌকা উল্টে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও শিশুটি নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত আরও দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এছাড়া মৌলভীবাজারের রাজনগরের আকুয়া গ্রামে বানের পানিতে তলিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

উজান ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। তলিয়ে আছে খাগড়াছড়ি ও বান্দরবানের নিম্নাঞ্চল। এদিকে, খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে তলিয়ে গেছে ১৫টি গ্রাম। নদী ভাঙন শুরু হয়েছে রংপুর ও লালমনিরহাটে। 

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে; পাহাড়ি ঢলে তাহিরপুরের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা সড়ক ডুবে আছে।