নিয়মিত মাদকবিরোধী অভিযানের পরও রংপুর ও চাঁদপুরে থামছে না মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও বেড়েছে মাদকের বেচাকেনা। এ নেশার ভয়াল থাবায় বিপথগামী যুব সমাজ। মাদকের বিস্তার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের দাবি অভিভাবক ও সুশীল সমাজের।
রংপুর শহরের কেডিসি, কেরানীপাড়া, ব্যাংকের মোড়, রাধাবল্লভসহ বিভিন্ন এলাকায় অবাধেই চলছে মাদকের কেনাবেচা।
মাদক আনতে উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তের অন্তত ৩৮টি রুট ব্যবহার করে ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে বাড়ছে নানা অপরাধ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘রংপুর অঞ্চলে ৬ মাসে মাদকবিরোধী প্রায় ৭ হাজার অভিযানে গ্রেপ্তার হয়েছে ৫ হাজার। তবুও নিয়ন্ত্রণে আসেনি মাদক ব্যবসা।’
রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, ‘মামলার দীর্ঘসূত্রতা, আলামত সংরক্ষণে দুর্বলতা এবং সাক্ষীর অভাবে সহজেই জামিনে বের হয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন অপরাধীরা।’
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘চাঁদপুরে চিহ্নিত মাদকের হটস্পট ১৫টি। চলতি বছরের ৬ মাসে মাদকবিরোধী অভিযান হয়েছে ৮০৬টি। ১১৪টি মাদক মামলার বিপরীতে গ্রেপ্তার ১২০ জন।’
শুধু অভিযান নয়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে সামাজিক প্রতিরোধ, অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ সুশীল সমাজের।