অন্তঃসত্ত্বা এক বিড়ালকে মেরে আহত করার ঘটনায় বগুড়ায় অভিযান চালিয়েছে 'রবিনহুড দ্য অ্যানিম্যাল রেসকিউয়ার' টিম। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশের সহায়তায় রেসকিউ টিমের নেতৃত্ব দেন আফজাল খান। এসময় তারা বিড়ালটিকে যেখানে পেটানো হয় আবাসিক অ্যাপার্টমেন্টের ওই স্থান পরিদর্শন করেন।
গত ১৩ নভেম্বর বগুড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অন্তঃসত্ত্বা এক বিড়ালকে মেরে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে ভাইরাল হলে তীব্র প্রতিবাদ জানায় পশুপ্রেমীরা।
ঘটনার পর থানায় একটি অভিযোগ দায়ের করেন বিড়ালটির মালিক মোছা. কানিছ ফাতেমা সাফা। এরপরই পুলিশের সহায়তায় ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় 'রবিনহুড দ্য অ্যানিম্যাল রেসকিউয়ার' টিম।
বিড়ালটির মালিক কানিছ ফাতেমা সাফার কাছে থেকে এসময় ঘটনার বিস্তারিত শোনেন 'রবিনহুড দ্য অ্যানিম্যাল রেসকিউয়ার' টিম এবং পুলিশ কর্মকর্তারা। এসময় সিকিউরিটি গার্ড এবং আবাসিক ওই অ্যাপার্টমেন্টের কোষাধ্যক্ষের সাথে কথা বলেন তারা।
এ সময় বিড়ালটির মালিক সাফা জানান, অবুঝ তিতির (বিড়াল) কে খুবই নির্দয়ভাবে মারা হয়েছে। তাকে লোহার রড দিয়ে মেরে প্রথমে আহত করা হয়। এরপর রাত ৮টায় বিড়ালটি ৩ তলায় উঠলে সেখান থেকে ফেলে দেওয়া হয়। রাতেই তিতির মৃত দুইটি বাচ্চা জন্ম দেয়। আঘাতে তিতিরের মুখে ক্ষত হয়। গেল ১৩ নভেম্বর বগুড়ার একটি আবাসিক এপার্টমেন্টে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম বলেন, পশু-প্রাণীকে হত্যা বা আঘাত করা একটি অমানবিক কাজ। সামাজিকভাবে এর সচেতনতা গড়ে তুলতে হবে।
রবিনহুড খ্যাত আফজাল খান বলেন, মানুষের মতো প্রতিটি পশু-প্রাণীরই অনুভূতি রয়েছে। তাদেরও পরিবার আছে। তাই আমাদের সবাইকে পশু-প্রাণীকে আহত বা হত্যা থেকে দূরে সরে আসতে হবে। পশু-প্রাণীকে মানুষের আরও কাছাকাছি আনতে সমাজের সবাইকে সচেতন করতে কাজ করছে রবিনহুড।
এর আগে, পশু-প্রাণী নিয়ন্ত্রণে প্রতিটি ফ্ল্যাট মালিককে নোটিশ দিয়ে জানানো হয়।
রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার (ডাকনাম: রবিনহুড) হচ্ছে বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রাণী কল্যাণ সংস্থা। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ঢালিউড অভিনেতা আফজাল খান এটি প্রতিষ্ঠা করেন। রবিনহুড জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর আওতাভুক্ত। সংস্থাটির রবিনহুড কেয়ার নামে একটি প্রাণী স্বাস্থ্য সেবা ক্লিনিক আছে যেখানে দিন-রাত ছুটিহীনভাবে প্রাণী স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।
/ই.হ/