নৌকার প্রার্থীর মঞ্চে উঠে বক্তব্য দেওয়া বিএনপির নাশকতা মামলার আসামি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল তিনটার দিকে বাওয়ালকার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।
মতিউর রহমান রাজা বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য এবং জেলা শ্রমিকদলের সভাপতি প্রার্থী ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি সদরের বদরখালী ইউনিয়ন থেকে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন।
সরকার পতন আন্দোলনে অংশ নিয়ে নাশকতা চেষ্টার অভিযোগে গত নভেম্বর মাসে পুলিশ বাদী হয়ে বরগুনা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করে। মামলা নং জিআর ৩৫৪/২৩। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়েছে। মামলার বাদী বরগুনার সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় বক্তব্য দিয়েছিলেন মতিউর রহমান রাজা। নাশকতা মামলায় পলাতক থাকা অবস্থায় নৌকার মঞ্চে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন এই বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান। এসময় তিনি নৌকা প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বিজয়ী করতে ভোটারদেও আহ্বান জানিয়ে বলেন, ‘বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেওয়া না হলে চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যহতি নেবেন।’
বক্তব্য দেওয়ার পরদিনই আটকা পড়লেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের জালে। মামলার হাত থেকে বাঁচতেই বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মঞ্চে বক্তব্য দিয়েছিলেন বলে দাবি বিএনপি নেতাদের।
মতিউর রহমান রাজার নৌকা মঞ্চে বক্তব্য দেওয়া ও গ্রেপ্তার প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘মতিউর রহমান রাজা আমার কমিটির সদস্য। আমাদের ধারণা তিনি গ্রেপ্তার এড়াতে নৌকার মঞ্চে উঠেছিলেন। কিন্ত শেষ রক্ষা হয়নি।’
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রাজা। আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’