আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করেছেন আমতলী উপজেলা নির্বাচন অফিসার। শুক্রবার উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বাদী হয়ে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে আসামি করে মামলার নির্দেশ দেন।
চিঠিতে বলা হয়েছে, ১০৯, বরগুনা-১ নির্বাচনী এলাকার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান গত ২০ ডিসেম্বর তাঁর (মেয়র মতিয়ার রহমানের) বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য ও সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (খ) , (গ) ও ১১ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেন।
ওই প্রতিবেদন আলোকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অনতিবিলম্বে মতিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আগামি ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়ে ছিল।
এ ঘটনায় শুক্রবার আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। তিনি জানিয়েছে, চিঠির আদেশ মতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে'।