গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১৩ হাজার ৩৪ জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ ও বিজিবি। এর মধ্যে পুলিশের মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ হাজার জন এবং বিজিবির মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে একটি মামলা করেন। তবে এতদিন মামলার বিষয়টি প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এদিকে, ২৩ নভেম্বর বিজিবি সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।


