বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পৃথক দুটো কমিটি গঠনকে কেন্দ্র করে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। মঙ্গলবার দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের দুটো সংগঠনের কমিটির অনুমোদনকে কেন্দ্র করে এ কর্মবিরতি শুরু হয়েছে।
আজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ডক্টর্স অ্যাসোসিয়েশন নামে দুটো কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ দুই কমিটি প্রকাশ পাওয়ার পর, না জানিয়ে কমিটি গঠন, ত্যাগিদের মূলায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে কমিটি প্রত্যাখ্যান করে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ।
আন্দোলনকারীদের মধ্যে ওই কমিটিতে পদ–পদবি পাওয়া ছাত্ররা থাকলেও তাঁরা কমিটি প্রত্যাখানের ঘোষণা দিয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যতক্ষণ পর্যন্ত কমিটি বাতিল না করবে ততক্ষণ কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছে কর্মবিরতিতে যাওয়া ইন্টার্ন চিকিৎসকরা।
তবে এ কর্মবিরতির প্রভাব পরেনি রোগীদের মধ্যে। ইন্টার্নদের এক অংশ কর্মবিরতিতে থাকলেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করছেন কমিটির পক্ষে থাকা ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের সরকারি চিকিৎসকরা। বড় ধরনের প্রভাব না পড়ায় হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে ২৩০-২৫০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছে। তাঁদের নিয়ে প্রতি এক বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট ইন্টার্ন ডক্টরর্স অ্যাসোসিয়েশন ও ১৮ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে সদ্য ঘোষিত উভয় কমিটিতে পদ–পদবি পাওয়া ইসান শাহরিয়ার বলেন, ‘আজ সকালে দুটো কমিটিতে আমাকে পদ–পদবি দেওয়া হয়েছে, যা আমি অবগত নই। এজন্য আমি পরিচালককে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করব।’
ইন্টার্ন চিকিৎসক ও নতুন কমিটির যুগ্ম সম্পাদক মাহিউর রহমান বলেন, ‘আমি হঠাৎ করে ফেসবুকে কমিটি সম্পর্কে দেখতে পাই। পরে আমি পরিচালক স্যারকে বিষয়টি জানিয়ে কমিটিতে না থাকার কথা জানিয়ে দেই। আমরা এই কমিটি সম্পর্কে অবগত ছিলাম না। এ কমিটি বাতিলসহ না জানিয়ে কমিটিতে রাখায় আমরা কর্মবিরতি শুরু করেছি।’
ইন্টার্ন চিকিৎসক সৌরভ দাস বলেন, ‘ওই কমিটিতে আমাকে যুগ্মসহ সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে। তাও সকাল ১২টার দিকে আমি ফেসবুকে দেখেছি। কমিটির বিষয়ে আমি কখনোই অবগত ছিলাম না। বিষয়টি পরিচালক স্যার সমাধান করবেন।’
এদিকে, ইন্টার্ন ডক্টরস্ অ্যাসোসিয়েশনের (আইডিএ) কমিটিতে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক মো. ইমরান হোসেনকে সভাপতি এবং আরিফুজ্জামন ইমনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (বিআইডিএ/বিডা) কমিটিতে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক রেজা তৈমুর মাহমুদকে সভাপতি ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক মাসুম রেজাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।