ঢাকার শেরে বাংলা নগর থেকে অপহৃত আরিফ নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক অপহরণকারীকে।
আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এসব তথ্য জানান।
গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা (৫৫) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকসেদ আলী মোল্লার পুত্র। উদ্ধার শিশু আরিফ (৪) ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের পুত্র।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন জানান, ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার ৪ দিন আগে অপহরণকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেন। গত বৃহস্পতিবার ঢাকার বাসা থেকে রফিকুল কৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই শিশু আরিফের পরিবারের সদস্যরা আরিফকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করে।
শনিবার রাতে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে যে সদর উপজেলা কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশু দেখা গেছে। পরে অভিযান চালিয়ে আসামি রফিকুলকে আটকসহ শিশুকে উদ্ধার করা হয়। পরে বিষয়েটি শেরে বাংলা নগর থানার মাধ্যেমে শিশু আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শিশু আরিফকে শনাক্ত করে। পুলিশ পরিবারের কাছে শিশু আরিফকে হস্তান্তর করে।
মো. মুকিত হাসান খাঁন আরও জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুর সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শেরে বাংলা নগর থানার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।